বাংলাদেশে মাতৃ, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, এ সহায়তার মধ্যে নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার প্রয়োজনীয় উপকরণ রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে, বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। সহায়তার অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড় জেলা হাসপাতালে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন। মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নের অংশ। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
