October 29, 2026
WhatsApp Image 2026-10-29 at 9.00.30 AM (1)

জাতীয় নির্বাচনের মাত্র আট মাস পর আবারও ভোটের মুখোমুখি ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শূন্য হওয়া ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া নিয়ে গঠিত এ আসনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ।

সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিএনপি, জামায়াতসহ মোট পাঁচজন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতির ভাইও রয়েছেন।

গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর প্রেক্ষিতেই আজ বৃহস্পতিবার আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে নির্বাচনের আগেই আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং বাকি ৭০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভোটগ্রহণ ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

উপনির্বাচনে যে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন ধানের শীষ প্রতীকে বিএনপির মির্জা ফয়সল আমীন, দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *