রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কবির হোসেন (৩২) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে চালক সুমন মিয়া ও পেছনে থাকা কবির ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর শুক্রবার সকালে কবিরকে আবার ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কবির হোসেন সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত চালক সুমন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে পুলিশ।
