সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন জারি করে।
নতুন আদেশে গ্রেড ও কর্মস্থলভেদে বাড়িভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড ২০ থেকে ১৬-এর কর্মীরা মূল বেতনের ৬০ শতাংশ, গ্রেড ১৫ থেকে ১০-এর কর্মীরা ৫০ শতাংশ এবং গ্রেড ৯ থেকে ৫-এর কর্মীরা ৪৫ শতাংশ বাড়িভাড়া পাবেন। গ্রেড ৪ থেকে গ্রেড ১ ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মীদের জন্য হার ৪০ শতাংশ।
অন্যান্য সিটি করপোরেশন, সাভার ও কক্সবাজার পৌর এলাকায় এসব হার যথাক্রমে ৫০, ৪০, ৩৫ ও ৩০ শতাংশ। দেশের অন্যান্য এলাকায় গ্রেডভেদে বাড়িভাড়ার হার নির্ধারণ করা হয়েছে ৪৫, ৩৫, ৩০ ও ২৫ শতাংশ। প্রজ্ঞাপনে নতুন বেতন কাঠামোর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভাতার কাঠামোও নির্ধারণ করা হয়েছে।
