রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকার অঞ্জনা রানী সরকার ও রাধা রানী সরকার। জানা গিয়েছে, মোটরসাইকেলচালক অজিত চন্দ্র সরকার তাঁর মা অঞ্জনা রানী সরকার ও চাচি রাধা রানী সরকারকে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় জলঢাকা থেকে পাগলাপীরগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই নারী এবং গুরুতর আহত হন ওই মোটরসাইকেলচালক।
স্থানীয়রা তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
