ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম সাহেবনগর সীমান্ত দিয়ে সাত নারী ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে এ প্রচেষ্টা প্রতিহত করলে শেষ পর্যন্ত বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে ৫টার দিকে পশ্চিম সাহেবনগর–দুর্গাপুর সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তারা শূন্যরেখা অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে সকাল ১০টার দিকে বিএসএফ ওই নারী ও শিশুদের সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
বিজিবির দাবি, বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা সাতজনই বাংলাভাষী ভারতীয় নাগরিক। ঘটনাটিকে কেন্দ্র করে সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে।
বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তিনি আরও বলেন, ফেনী সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ পুশ ইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
