রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় বিভিন্ন থানায় ৫৮টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৮৫, তেজগাঁওয়ে ৫৩, মিরপুরে ১০১, গুলশানে ৩৪, উত্তরা বিভাগে ৪৩, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৭ এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ৭ জন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭টি ইয়াবা ট্যাবলেট, ৪০ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম হেরোইনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
