ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। একদিনে এ সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ২২৭টি গাড়ি চলাচল করেছে। এতে উভয় পাশে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। ২৮ মার্চ ভোরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৩৫ হাজার ২২৭টি। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ২৪১ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৪ হাজার ৯৮৬ গাড়ি চলাচল করেছে। গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ গাড়ি পারাপার হয়েছে। তবে আজ এই সংখ্যা আরও বাড়তে পারে।
