বাড়িতে সহজেই তৈরি করা যায় সুস্বাদু চিকেন নুডলস স্যুপ। মুরগির মাংস, ঘরে তৈরি নুডলস ও তাজা সবজির মিশেলে এই পদটি যেমন সুস্বাদু, তেমনই পেট ভরানোর জন্য উপযুক্ত। চলুন, জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি।
উপকরণ
ময়দা ৪ কাপ
ডিম ১টি
বাদামতেল ২ চা-চামচ
মুরগির স্টক ৬ কাপ
মুরগির বুকের মাংস ২৫০ গ্রাম
রসুন ৪ কোয়া
আদাকুচি ১ চা-চামচ
পেঁয়াজকুচি আধা কাপ
পেঁয়াজকলির সাদা অংশ ২টি
সয়া সস আধা চা-চামচ
পানি প্রয়োজনমতো
গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
জুকিনি কুচি ২ কাপ
নুন স্বাদমতো
অলিভ অয়েল প্রয়োজনমতো
প্রণালী
প্রথমে ময়দা, ডিম, বাদামতেল ও পরিমাণমতো পানি দিয়ে ভালো করে মেখে নিন। ভেজা কাপড় দিয়ে ঢেকে ৩০ মিনিট রেখে দিন। এরপর পাতলা রুটি বেলে ময়দা ছড়িয়ে ভাঁজ করে রোল বানিয়ে চিকন করে কেটে নিন। গরম পানিতে সামান্য অলিভ অয়েল দিয়ে নুডলস সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
এবার একটি পাত্রে মুরগির মাংস, পেঁয়াজ, রসুন, আদা ও পানি দিয়ে প্রায় ৩০ মিনিট সেদ্ধ করুন। মাংস ও সেদ্ধ মসলা আলাদা করে ছেঁকে নিন। ঠান্ডা হলে মাংস ছোট ছোট টুকরো করে ছিঁড়ে সেদ্ধ মশলার পেস্ট, গোলমরিচ, সয়া সস ও সামান্য নুন দিয়ে মেখে নিন। মুরগির স্টকে সয়া সস ও পেঁয়াজকলি দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিন। অন্যদিকে জুকিনি কুচিতে সামান্য নুন মেখে অলিভ অয়েল বা বাদামতেলে হালকা ভেজে নিন।
পরিশেষে পরিবেশন পাত্রে সেদ্ধ নুডলস ও মুরগির মাংস সাজিয়ে গরম স্টক ঢেলে দিন। ওপরে ভাজা জুকিনি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু চিকেন নুডলস স্যুপ।
