রাজধানীর আকাশ মঙ্গলবার সকাল থেকেই ঘন মেঘে ঢাকা থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। মেঘলা আবহাওয়া দেখে অনেকেই বৃষ্টির আশা করলেও প্রয়োজনীয় আবহাওয়াগত শর্ত পূরণ না হওয়ায় বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির জন্য বাতাসে অন্তত ৮৫ শতাংশ বা তার বেশি আর্দ্রতা প্রয়োজন। বর্তমানে সেই মাত্রার আর্দ্রতা না থাকায় মেঘ তৈরি হলেও তা বৃষ্টিতে রূপ নিচ্ছে না। পাশাপাশি মৌসুমি বায়ুও এখনো পুরোপুরি সক্রিয় হয়নি এবং দেশের সর্বত্র বিস্তার লাভ করেনি।
বিশেষজ্ঞরা জানান, এ সময় সাধারণত পূর্বালি বাতাসের প্রভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পায় এবং তাপমাত্রা কিছুটা কমে আসে। তবে বর্তমানে পশ্চিমা লঘুচাপের প্রভাব বেশি থাকায় মৌসুমি বায়ুর কার্যকারিতা কমে গেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও রাজধানীতে তার প্রভাব তেমন দেখা যাচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম। মৌসুমি বায়ু আরও সক্রিয় হলে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
