August 7, 2026
WhatsApp Image 2026-08-07 at 1.28.29 PM

বাংলাদেশের দুই জেলায় ছুটির দিনে সাতসকালে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। একইসঙ্গে এসময় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। শুক্রবার (৭ আগস্ট) সকালে বগুড়ায় ও সিলেটে পৃথক পৃথকভাবে এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়। এ ছাড়া আহত হয় অন্তত ২৫ জন। আজ সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের ৭ যাত্রীর মৃত্যু হয়।

এদিকে বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ৬ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন। আজ ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি কাজের সন্ধানে রাস্তার পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়। দুর্ঘটনায় আহত হয় অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *