জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। এর মধ্য দিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হল বলে শনিবার ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও টেকসই উন্নয়ন বিষয়ে আইরিন খানের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০২০ সাল থেকে তিনি মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন তিনি। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব। মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য ২০০৬ সালে তিনি সিডনি পিস প্রাইজ লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য বই ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’।
২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন আইরিন খান। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) প্রায় দুই দশক কাজ করেন এবং ভারতে চিফ অব মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
