September 2, 2026
WhatsApp Image 2026-09-02 at 12.02.20 PM (1)

চলতি মাসে বঙ্গোপসাগরে হতে পারে তিনটি লঘুচাপ, রয়েছে বন্যারও পূর্বাভাস। এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের এ পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এর প্রভাবে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

সেপ্টেম্বরে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। পাশাপাশি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ সাধারণত বজায় থাকতে পারে। এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্য কিরণকাল ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *