সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময়সীমা পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ কথা জানান। তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
মন্ত্রী জানান, প্রথম ইউনিটের প্রস্তুতিমূলক পরীক্ষার ‘বি’ স্টেজ শেষ হয়েছে। কিন্তু দুটি সেফটি ভালভে সমস্যা দেখা দেওয়ায় পরবর্তী ‘সি’ স্টেজে যাওয়া সম্ভব হচ্ছে না। সমস্যার কারণ খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসবে। ভালভ দুটি পুরোপুরি বদলানোর প্রয়োজন হতে পারে বলেও জানান মন্ত্রী। প্রয়োজনে দ্বিতীয় ইউনিটের জন্য রাখা ভালভ প্রথম ইউনিটে বসানো অথবা রুশ ভেন্ডরের কাছ থেকে নতুন ভালভ আনার কথা বিবেচনা করা হচ্ছে।
এদিকে, মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত মোবাইল ডেটা ব্যবহারের সুযোগ আরও এক-দুই দিন বাড়ানো যায় কি না, তা নিয়ে অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী।
