September 10, 2026
EB 2

মায়ের মৃত্যুতে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এই আদেশ দেন।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের পরিবারের পক্ষ থেকে তাঁর প্যারোলে মুক্তির জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া মেনে পাঁচ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামে চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধর (৭২) মারা যান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় ২৫ নভেম্বর তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। পরে তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *