আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের সরকারপ্রধানকে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক আমন্ত্রণ না জানিয়ে বিমসটেকের চেয়ার হিসেবে আমন্ত্রণ জানানোয় বিষয়টি ভালোভাবে নেয়নি সরকার। প্রতিমন্ত্রী জানান, বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সফর ও আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পারস্পরিক শ্রদ্ধা ও অনুকূল পরিবেশ নিশ্চিত হলে ভারতের সঙ্গে সরকারপ্রধান পর্যায়ে দ্বিপাক্ষিক সফর হতে পারে বলেও জানান তিনি। গঙ্গা পানি চুক্তি নবায়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে বাংলাদেশ গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। বাণিজ্য ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে, তবে এ মুহূর্তে নতুন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। অন্যদিকে রোহিঙ্গা সংকটের সমাধানে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক তৎপরতা দ্রুত চালিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সরকার আশাবাদী।
