নরসিংদীর রায়পুরায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাহারচর গ্রামের নিরব মিয়া (১৭) ও জীবন মিয়া (১৭)। স্বজনেরা জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে নরসিংদী শহরে ঘুরতে গিয়ে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তাঁরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁদের মৃত্যু হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, দুই কিশোরের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শনিবার দুপুরে জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
