এজেন্সি: পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের খালে ৪০ লাখ টাকার বেশি ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ৩৮ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ১১ ফুট প্রস্থের এ ব্রিজটি বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। তবে স্থানীয়রা অভিযোগ তুলেছেন, ব্রিজের এক পাশে সড়ক থাকলেও অপর পাশে নেই কোনো রাস্তা। তারা বলছেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও পালাতক আওয়ামী লীগ নেতা শেখ শিহাব আহমেদের বাড়ি সুবিধাজনক করতে ক্ষমতার অপব্যবহার করে এ প্রকল্প অনুমোদন হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, শেখ শিহাব খালের ওপারে জমি কিনে বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। সেখানে কোনো রাস্তা বা ব্রিজ না থাকায় তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটিয়ে এই প্রকল্প অনুমোদন করান। আওয়ামী সরকার পতনের পর কিছুদিন কাজ বন্ধ থাকলেও বর্তমানে ব্রিজ নির্মাণকাজ চলমান রয়েছে।
কদমতলার বাসিন্দা তপন সাহা বলেন, “খালের ওপারে হিন্দু পাড়ায় প্রায় ৩০টি পরিবার বহুদিন ধরে ব্রিজের দাবি জানালেও তাদের দাবিতে কোনো সাড়া মেলেনি। অথচ একজন নেতার ব্যক্তিগত স্বার্থে সরকারি অর্থে ব্রিজ নির্মাণ করা হচ্ছে—এটা মেনে নেওয়া কঠিন।”
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক স্থানীয় নেতা অভিযোগ করেন, “শেখ শিহাব পালালেও তার প্রভাব এখনো আছে। বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ সত্ত্বেও প্রশাসনের সহযোগিতায় ব্রিজ নির্মাণ করা হচ্ছে, যা জনগণের অর্থের অপচয় ছাড়া কিছু নয়।”
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এই প্রকল্প অনুমোদন পায় মেসার্স খান ট্রেডার্স। তবে তারা কাজ শুরু না করায় বর্তমানে সাব-ঠিকাদার মামুন মোল্লা ব্রিজ নির্মাণ করছেন।
