August 14, 2026
Screenshot 2026-08-14 162019

দক্ষিণ সুদান (আনমিস) ও আবেইতে (ইউনিসফা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পাঁচ দিনের সরকারি সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাপ্রধান সেখানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন এবং নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট পরিদর্শন করেন। তিনি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বাংলাদেশি স্টাফ অফিসার ও কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করে মিশনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। সেনাপ্রধান উভয় মিশনের ফোর্স কমান্ডার, আবেইর মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে আভিযানিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিরক্ষা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের এই সফর শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি জাতিসংঘ ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *