August 5, 2026
WhatsApp Image 2026-08-04 at 7.44.11 PM

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ই আগস্ট রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। মঙ্গলবার (৪ঠা আগস্ট) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি ও র‍্যাব এসব তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীতে পিকেটিং, টহল ও চেকপোস্ট কার্যক্রম উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম বাড়ানো হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। জুলাই স্মৃতিস্তম্ভ ও বিভিন্ন অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সিআইডির সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে র‍্যাব জানিয়েছে, র‍্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আগাম তথ্য সংগ্রহে স্থানীয় তথ্যদাতা ও যোগাযোগব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ঠা আগস্ট রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিংও জোরদার রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারকে ঘিরে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ঠা আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে জকসুর কয়েকজন নেতা-কর্মী বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে সেমিনারস্থলে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রবেশমুখে জকসু নেতা-কর্মীদের সঙ্গে শাখা ছাত্রদলের সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরিস্থিতির কারণে জকসুর নেতা-কর্মীরা মিলনায়তনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেমিনার শেষ হলে শহীদ মিনারের সামনে আবারও ছাত্রদল, জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঢাকা কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত ও মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পাসের ভেতরে ছাত্রশিবির এবং বাইরের মূল সড়কে ছাত্রদলের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নেন। মঙ্গলবার বিকেল তিনটার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এই সংঘাতের সূচনা হয়।

সংঘর্ষের জের ধরে বিকেল সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে কেউ হতাহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল পরিচালনা করেন। একই সময়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের অভ্যন্তরীণ এলাকায় অবস্থান ধরে রাখেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে বিরোধের ঘটনার প্রভাব ঢাকা কলেজে ছড়িয়ে পড়ে। সেই জের ধরে পরবর্তীতে ঢাকা কলেজ প্রাঙ্গণে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, ক্যাম্পাসের ভেতরে সংঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সহিংসতা এড়াতে নিউমার্কেট ও ঢাকা কলেজ সংলগ্ন এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *