রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার দুপুরে চারটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং একটি বিস্ফোরিত হয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ডসংলগ্ন পদচারী-সেতুর পূর্ব পাশের রাস্তায় তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে। অন্যদিকে, পশ্চিম পাশের রাস্তায় নিক্ষেপ করা একটি ককটেল বিস্ফোরিত হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় কলাবাগান থানা পুলিশ দুজনকে এবং বিস্ফোরণের ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ আরও দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
