সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবকের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে ডিপজল (২৬) নামের এক যুবক ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন। তিনি বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিগালীগ্রাম এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ডিপজল ভারতীয় সীমান্তে প্রবেশের পর বিএসএফ গুলি ছুড়েছিল। তবে বিএসএফ এ অভিযোগ অস্বীকার করেছে। নিখোঁজের ঘটনায় যুবকের স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এ ঘটনার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে ভারতের কিন্নখাল বিওপির ৩১ নম্বর গেটসংলগ্ন শূন্যরেখায় আসেন ভারতীয় কৃষক রঞ্জিত দাস (৬৫)। নিখোঁজ যুবকের স্বজনেরা তাঁকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি নিয়ে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) উদ্যোগ নিয়ে রঞ্জিত দাসকে নিরাপদে উদ্ধার করে। পরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরকুল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে নিখোঁজ ডিপজলের সন্ধান না মেলায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার তদন্ত এবং যুবকের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য জানার দাবি জানিয়েছেন।
