November 12, 2026
EB 1

চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শফিকুল ইসলাম খান (৫৫)। বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে শফিকুলকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের শ্যালিকা রুবিয়া খাতুন জানান, চোখের চিকিৎসার জন্য শফিকুলসহ গ্রামের আরও পাঁচজন ঢাকায় এসেছিলেন।

ভোরে আজমপুর এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। এ সময় শফিকুল রাস্তার অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে কোনো একটি যানবাহনের ধাক্কায় সড়কে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *