আগামী সোমবার শপথ নিতে যাচ্ছে দেশের নতুন সরকার। অন্তর্বর্তী সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ওই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একই দিন বিকেলে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার।
এদিকে শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন–এ দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে জোরেশোরে।
