মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তাশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ শুক্রবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। অমর একুশের নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা তুলে ধরতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ডিএমপি কমিশনার জানান, যদিও কোনো সুনির্দিষ্ট হুমকি নেই, তবুও বাড়তি সতর্কতা হিসেবে পুলিশের নিয়মিত ফোর্সের পাশাপাশি সোয়াট (SWAT), ডগ স্কোয়াড (K9), বম্ব ডিসপোজাল টিম এবং ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। এছাড়া মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারির পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা বিস্ফোরকদ্রব্য বহন না করার জন্য নগরবাসীকে কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য নগরবাসীকে পলাশীর মোড় ও জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে হবে। এই রুট ছাড়া অন্য কোনো পথ দিয়ে প্রবেশ করা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর বা চানখাঁরপুল দিয়ে বেরিয়ে যেতে হবে।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর পর্যায়ক্রমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। ডিএমপি কমিশনার জানান, রাত ১২টা ৪০ মিনিটের দিকে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সে পর্যন্ত নগরবাসীকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।
