August 14, 2026
EB 1

খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা আশুতোষ নাথের জীবনে ছিল নানা প্রতিকূলতা। পড়াশোনার খরচ চালাতে কম্পিউটারের দোকানে কাজ করেছেন, পরে ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেছেন। রাত জেগে ফ্রিল্যান্সিং করেও পড়াশোনার খরচ জুগিয়েছেন তিনি।

সংগ্রামের মধ্যেও গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয় আশুতোষের। বুয়েট থেকে রসায়নে স্নাতকোত্তর শেষ করার পর বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়। সেই গবেষণার সূত্র ধরেই ২০২১ সালে শতভাগ শিক্ষাবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পিএইচডি করতে যান তিনি।

সম্প্রতি জৈব রসায়নে পিএইচডি শেষ করেছেন ৩৪ বছর বয়সী আশুতোষ। চলতি মাসে ইউনিভার্সিটি অব হিউস্টনের কলেজ অব ফার্মেসিতে পিএইচডি-পরবর্তী গবেষক হিসেবে যোগ দিচ্ছেন তিনি। সেখানে মেডিসিনাল কেমিস্ট্রি ও নতুন ওষুধ উদ্ভাবন নিয়ে গবেষণা করবেন।

পিএইচডির সময় অর্গানিক সিনথেসিস, ড্রাগ ডিজাইনসহ বিভিন্ন গবেষণাপদ্ধতিতে কাজ করেছেন আশুতোষ। হার্ভার্ড মেডিকেল স্কুল ও বোস্টন চিলড্রেনস হসপিটালের গবেষকদের সঙ্গেও কাজের সুযোগ পেয়েছেন। তাঁর গবেষণা থেকে একাধিক আন্তর্জাতিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

ভবিষ্যতে সিনথেটিক ও মেডিসিনাল কেমিস্ট্রির সঙ্গে কম্পিউটেশনাল মডেলিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করে নতুন ও কার্যকর ওষুধ উদ্ভাবনে অবদান রাখতে চান আশুতোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *