June 3, 2026
image - 2026-06-02T170447.758

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে রোগীদের চিকিৎসাব্যয় কমাতে এক বড় উদ্যোগের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন–বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের একটি বড় অংশ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন, যেখানে পরীক্ষা-নিরীক্ষার খরচ মেটাতে গিয়ে অনেক পরিবার হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষের এই আর্থিক ভোগান্তি লাঘব করতেই বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়েছে।

মন্ত্রী একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, যদি কোনো ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার মোট খরচ ১০ হাজার টাকা হয়, তবে সেখান থেকে যেন ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। এই বিশেষ ছাড় কার্যকর হলে সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় অনেকাংশে কমে আসবে এবং সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

সাখাওয়াত হোসেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে বাণিজ্যিক মনোভাবের ঊর্ধ্বে উঠে বর্তমান পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সরকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে এবং বেসরকারি খাতের পূর্ণ সহযোগিতা এই সংকট মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *