বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শনিবার সন্ধ্যার পর থেকেই দেশের কিছু এলাকায় বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। তবে এটি নিম্নচাপে পরিণত হবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত পূর্বাভাস হালনাগাদ করা হবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে লঘুচাপটি ভারতের ওডিশা উপকূল এলাকায় অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হলে দেশের উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে টানা চার থেকে পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে সাময়িকভাবে তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
উল্লেখ্য, সদ্য বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
