এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্ত হত্যার ঘটনাকে বৈধতা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলা শহীদ মিনার চত্বরে এনসিপির উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে সীমান্ত ইস্যুতে আগের সরকারের নতজানু নীতিরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার পরিবর্তনের পর দেশের পররাষ্ট্রনীতি এবং সীমান্তে ভারতের কর্মকাণ্ডের বিষয়ে একটি সুস্পষ্ট ও দৃঢ় নীতিমালা প্রণয়নের প্রত্যাশা ছিল। তবে বাস্তবে সে প্রত্যাশা পূরণ হয়নি। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রী যে ধরনের বক্তব্য দিতেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও একই ধরনের অবস্থান নিয়ে সীমান্ত হত্যাকে বৈধতা দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন।
তবে সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ-পরবর্তী সময়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার কারণে তা ধীরে ধীরে হতাশায় রূপ নিচ্ছে।
পথসভায় গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গেও বিএনপির সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণ অতীতের ত্যাগ ও আন্দোলনের চেতনাকে ভুলে যাবে না। সভায় সভাপতিত্ব করেন এনসিপির চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েল। এছাড়া বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনিসহ অন্যান্য নেতারা।
