August 12, 2026
WhatsApp Image 2026-08-12 at 1.40.23 PM (1)

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বরিশালের আদালত চত্বরে বোমার বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১১টার মধ্যে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালত চত্বরের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

ঐ আদালতের আইনজীবী আমিনুল ইসলাম জানান, ঘটনার সময় বিকট শব্দ হয়। প্রথমে অনেকে ধারণা করেছিল ট্রান্সফর্মার কিংবা গাড়ির টায়ারের বিস্ফোরণ ঘটেছে। তবে আদালতে প্রবেশ গেটের বাম পাশে ঘটনাস্থলে গিয়ে সবাই যখন বুঝতে পারে, এটা বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ছিল, তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো জায়গা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিক তিনি জানাতে রাজি হননি।

বিস্ফোরণের সময় ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, তারা নিজ নিজ অবস্থানেই ছিলেন। হঠাৎ গেটের সামনে বিকট একটি শব্দ শুনতে পান। কাছে গিয়ে তারা দেখেন, কেউ ককটেল বোমাটি ফেলে রেখে গিয়েছিল অথবা পুঁতে রেখেছিল, যা বিস্ফোরিত হয়েছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশাল কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস। এ ছাড়া কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর দলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিস্ফোরণের পর আদালত চত্বরে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস বলেন, ‌এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কীভাবে বোমাটি বিস্ফোরিত হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।

তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর আদালত চত্বর ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ এবং এতে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *