বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বঙ্গোপসাগরের উত্তরাঞ্চর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে, তবে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, তবে তাৎক্ষণিকভাবে নয়; আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জানিয়েছেন, এবার খুব বেশি বৃষ্টির আশঙ্কা নেই। কয়েক দিন ধরে বৃষ্টি কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম বেড়েছে। গতকাল কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। এর আগে জুলাইয়ে একটি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টি ও বন্যা হয়েছিল।
