দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত বিশেষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করে তোলা, সামগ্রিক স্বাস্থ্যসেবার চিত্র পর্যালোচনা করা এবং সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো সরাসরি মাঠ পর্যায়ের চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই আয়োজন স্বাস্থ্যখাতের উন্নয়নে একটি নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাতচন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের একটি বিশেষ অংশে, জরুরি সেবা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ছয়জন চিকিৎসককে তাঁদের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কৃত চিকিৎসকরা হলেন—শোভন কুমার, আল মোরশেদ, মুজিবুর রহমান, সাজিদ হাসান, সুমন ক্লান্তি সাহা ও তাসনিম জুবায়ের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ এবং নির্দেশনায় মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের মনোবল আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
