তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবিলা এবং পানিসম্পদের টেকসই ব্যবহারে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীনের মধ্যে ঐকমত্য হয়েছে। চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইংয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের চলমান নদীখনন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের কার্যকর ব্যবস্থাপনায় সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে তিনি বাংলাদেশের পানিসম্পদ খাতে চীনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানিবিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।
প্রধানমন্ত্রী নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন সম্প্রসারণে চীনের সহায়তা প্রত্যাশা করেন। এ সময় লি গোয়োইং বলেন, পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানিবিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। বৈঠক শেষে চীনের পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীকে একটি বই উপহার দেন।
