June 24, 2026
image (79)

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইনের চেষ্টার পর টানা ১০ দিন শূন্যরেখায় অবস্থান করা দুই বাংলাদেশিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে ঝড়বৃষ্টির সময় তাঁরা ঘটনাস্থল ত্যাগ করার পর থেকে তাঁদের কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিখোঁজ দুই ব্যক্তি হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার কংশেরকুল গ্রামের সজীব হোসেন (২৫) ও হিমেল মিয়া (১৮)। বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৪ জুন ভোরে বিএসএফ গয়টাপাড়া সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়দের বাধা এবং বিজিবির অবস্থানের কারণে তাঁরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। এরপর থেকেই তাঁরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

মঙ্গলবার দুপুরে প্রবল ঝড়বৃষ্টি শুরু হলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যান। একই সময়ে ওই দুই যুবকও স্থান ত্যাগ করেন। পরে তাঁদের আর দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, সুযোগ বুঝে তাঁরা হয়তো বাংলাদেশে প্রবেশ করে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

এদিকে একই সীমান্তের ভুন্দুরচর এলাকায় পুশ-ইনের চেষ্টার শিকার আরও তিন বাংলাদেশি এখনো খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাঁরা ১৪ জুন থেকে শূন্যরেখায় রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৪ জুন রৌমারীর গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তে পৃথক ঘটনায় মোট নয় বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। ঘটনাগুলো সীমান্ত নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *