September 17, 2026
WhatsApp Image 2026-09-17 at 10.13.51 AM

রাজধানী ঢাকার বনশ্রীতে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে সড়কে পড়েছিল এক শিক্ষিকার রক্তাক্ত মরদেহ। তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামের এই শিক্ষিকা রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া। তিনি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ফরাজী হাসপাতালের সামনে রমজান পরিবহন ও অপর একটি বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তাসপিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাত ৯ টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রমজান পরিবহনসহ দুটি বাস জব্দ করে এবং উভয় বাসের চালক ও সহকারীদের আটক করে।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন তার বোন। পথিমধ্যে মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তিনি প্রাণ হারান।

বনশ্রীর স্থানীয় এক ব্যবসায়ী মো. মূসা জানান, বৃহস্পতিবার তাসপিয়া আহমেদের কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় ফরাজী হাসপাতালের সামনের সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনদের বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *