চিংড়ি মাছ খেয়েই অসুস্থ হয়ে মৃত্যু হল মো. ইব্রাহিমের (২২)। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়েছিলেন। স্বজনদের দাবি, চিংড়ি মাছ খাওয়ার পর তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, দুপুর আড়াইটার দিকে স্থানীয় একটি রেস্তোরাঁয় খাবারের সঙ্গে চিংড়ি মাছ খান ইব্রাহিম। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট অনুভব করেন। প্রথমে তাঁকে সেন্ট মার্টিন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিকেল সোয়া চারটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. এনামুল হক জানান, ইব্রাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে খবর। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
