শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলেও দামে নেই স্বস্তি। কয়েক দিনের বৃষ্টিতে সরবরাহে টান পড়ায় আবারও বেড়েছে বেশ কিছু সবজির দাম। এক কেজি শিম কিনতে এখনও গুনতে হচ্ছে ১২০-১৪০ টাকা। টমেটো, বেগুন, করলার মতো সবজিও মিলছে না ১০০ টাকার নিচে।
মাছের বাজারেও কমেনি দাম। তবে মুরগি ও গরুর মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। সবমিলিয়ে বাজারের এমন পরিস্থিতিতে চাপে রয়েছেন ক্রেতারা।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি লাল শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। টমেটোর দাম ১৪০ থেকে ১৬০ টাকা ও মানভেদে লম্বা-গোল বেগুন ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ১০০-১২০, পটল ৮০ ও শসা ১০০, ঢেঁড়স ও চিচিঙ্গা ৬০-৮০ টাকা, মুলা ৪০-৫০ ও পেঁপে ৩০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে।
নতুন আলুর দামও বেশ চড়া। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা পর্যন্ত। পুরোনো আলুর কেজি ২৫ থেকে ৩০ টাকা। গাজরের দাম ১০০-১২০, প্রতি পিস ফুলকপি ৪০-৫০ টাকা টাকায় বিক্রি হচ্ছে।
কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতা ইউসুফ আহমেদ বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমতে পারে।
সবজির পাশাপাশি মাছ কিনতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে আকারভেদে প্রতি কেজি রুই ২৪০-৩০০, তেলাপিয়া ২৪০-২৬০, পাঙাশ ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে কাতলার দাম ৩০০ থেকে ৫০০ টাকা। পাবদা ৩৮০-৪৫০ টাকা, পোয়া ৩৫০-৪০০ টাকা ও টেংরা ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের দেশি মাছের দাম আরও বেশি।
