June 10, 2026
image - 2026-05-26T143647.308

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। নাড়ির টানে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। তবে এবারের ঈদযাত্রায় দেশের মহাসড়কগুলোয় দেখা গেছে দুই ভিন্ন চিত্র। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাতায়াত অনেকটাই স্বাভাবিক ও যানজটমুক্ত থাকলেও, উত্তরাঞ্চলের যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে আজ তৈরি হয়েছে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ যানজট।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে দুপুরের পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টি। গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে ভারী বৃষ্টির কারণে মহাসড়কে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় অভিমুখে প্রায় ১০ কিলোমিটার এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় জমে থাকা পানির কারণে ৫ থেকে ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

পরিবহন সংকটের কারণে অনেক যাত্রীকে খোলা ট্রাক ও পিকআপে করে ঝুঁকি নিয়ে রওনা হতে দেখা গেছে, যারা বৃষ্টিতে ভিজে চরম ভোগান্তির শিকার হয়েছেন। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বড় কোনো যানজট না থাকলেও কাউন্টারগুলোয় ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সেখানেও দুপুরের বৃষ্টিতে অনেক যাত্রী বিপাকে পড়েন। পাশাপাশি দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। সব মিলিয়ে টানা বৃষ্টি আর গাড়ির বাড়তি চাপ উত্তরাঞ্চলের ঈদযাত্রাকে বেশ বিপর্যস্ত করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *