রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা যথাসময়ে অপসারণে চরম গাফিলতি ও দায়িত্বহীনতার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (অঞ্চল-৫) মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (অঞ্চল-১) কাজী সালেহ মুস্তানজির, যারা উভয়েই সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। পবিত্র ঈদুল আজহার পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে বের হন। এ সময় নির্ধারিত সময়ের পরেও রাস্তায় কোরবানির বর্জ্য ও পুরনো আবর্জনা স্তূপ আকারে পড়ে থাকতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন চরম উদাসীনতা ও তদারকির অভাব হাতেনাতে ধরার পর প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় তাৎক্ষণিকভাবে তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরবর্তীতে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন অনুযায়ী এই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়।
