গরমকালে ডিহাইড্রেশন একটি সাধারণ সমস্যা। তবুও বেশিরভাগ মানুষ এটিকে স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে মনে করেন না। শরীর থেকে বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ না করলে তা শরীরের গুরুত্বপূর্ণ কাজকর্মে প্রভাব ফেলে। যার ফলে মুখ শুকিয়ে যাওয়া, ক্লান্তি, মাথা ঘোরা এবং পেশিতে টান ধরার মতো লক্ষণ দেখা যায়। ধীরে ধীরে ডিহাইড্রেশন ত্বকের ওপরও প্রভাব ফেলতে শুরু করে, যার ফলে ত্বক দ্রুত বুড়িয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, ডিহাইড্রেশন ত্বককে বয়স্ক দেখাতে পারে এবং এটি কেবল সাময়িক অনুজ্জ্বলতা নয়। শরীর এবং ত্বকে পর্যাপ্ত আর্দ্রতার অভাব হলে ত্বক তার স্বাভাবিক সতেজতা এবং মসৃণ ভাব হারায়, যার ফলে সূক্ষ্ম রেখা এবং বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। ডিহাইড্রেশনযুক্ত ত্বক ক্লান্ত, রুক্ষ এবং কম উজ্জ্বল দেখায়। কারণ ত্বকের সুরক্ষা স্তর দুর্বল হয়ে পড়ে এবং কার্যকরভাবে আর্দ্রতা ধরে রাখতে পারে না।
যদিও আর্দ্রতার মাত্রা ফিরে পেলে প্রাথমিকভাবে অবস্থার উন্নতি হতে পারে, তবে দীর্ঘ সময় ধরে ডিহাইড্রেশন অকাল বার্ধক্যকে ত্বরান্বিত করতে পারে। স্বাস্থ্যকর, আর্দ্র ত্বক সাধারণত স্থিতিস্থাপকতা বজায় রাখে। যে কারণে স্বাভাবিকভাবেই তারুণ্যময় দেখায়। একারণেই দীর্ঘমেয়াদী ত্বকের স্বাস্থ্যের জন্য আর্দ্রতা বজায় রাখা একটি অত্যন্ত জরুরি।
