July 15, 2026
image - 2026-07-15T124722.601

কক্সবাজারে টানা নয় দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী, ঘরবাড়ি, সড়ক, কৃষি, মৎস্য, বেড়িবাঁধসহ সাতটি খাতে অন্তত ৮৯০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার ১০টি উপজেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৭০টি এবং পাঁচটি পৌরসভার মধ্যে চারটি বন্যাকবলিত হয়েছে। বন্যা ও পাহাড়ধসের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৫ জন রোহিঙ্গা।

জেলা প্রশাসন জানিয়েছে, ৪ থেকে ১২ জুলাই পর্যন্ত মাত্র নয় দিনে কক্সবাজারে ৮২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা জুলাই মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের প্রায় সমান। অস্বাভাবিক এই বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বর্তমানে বৃষ্টিপাত কমে যাওয়ায় পানি নামতে শুরু করলেও অনেক এলাকায় এখনো মানুষ পানিবন্দী রয়েছেন।

এ পর্যন্ত দুর্গত মানুষের মধ্যে ৭ হাজার ৭৯০ প্যাকেট শুকনা খাবার ও ২৯৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আরও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তবে জেলা প্রশাসনের হিসাবে এখনো ৫৭ হাজার প্যাকেট শুকনা খাবার, ৫৩০ মেট্রিক টন চাল, ২ কোটি ৪৯ লাখ টাকা, ৪ হাজার ৮৮৩ বান্ডিল ঢেউটিন এবং ৯৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের প্রয়োজন রয়েছে। প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *