বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। নিম্নচাপ ও মৌসুমিবায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ইতোমধ্যে তিনদিনের ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
দেশজুড়ে এই বৃষ্টিপাত আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এতে আরও বলা হয়, সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে আজ ১০ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। এদিকে ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও সতর্কবার্তায় জানানো হয়।
