September 9, 2026
image (13)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় পৃথক অভিযানে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর ও সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। ভোরে রেজুপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৪১ থেকে প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে রেজুখাল চেকপোস্টে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালক মোহাম্মদ নূর (২৬)কে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তিকে ইয়াবা, সিএনজি ও অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *