দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে ৮১৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত ৭ জনের মধ্যে ৫ জনই ঢাকার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জন। এর মধ্যে ২০ হাজার ৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে।
গত কয়েক বছরের তুলনায় এ বছর হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে দেশে হাম আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১৩২ জন।
