আসন্ন জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষ্যে উৎসব ও শোভাযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে সম্পন্ন করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। সভায় জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজধানীর সার্বিক নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ডিএমপি জানিয়েছে, জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও অনুষ্ঠানস্থলে পিকেট ও টহল পার্টি, ফুট প্যাট্রোল, সিসিটিভি নজরদারি, রুফটপ পার্টি, মোটরসাইকেল মোবাইল টিম, ডিবি ও সাদাপোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সোয়াট, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল এবং পর্যাপ্তসংখ্যক ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে।
সভায় সিদ্ধান্ত হয়, জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্ধারিত রুটে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। নামাজ ও আজানের সময় লাউড স্পিকার বা মাইক ব্যবহার না করার জন্য আয়োজকদের অনুরোধ জানানো হয়েছে। শোভাযাত্রায় নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ব্যাগ-পোঁটলা নিয়ে অংশ না নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
