জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশ ইন বা জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—এমন অভিযোগ উঠেছে। তবে স্থানীয় বাসিন্দাদের সতর্কতা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই তিনজন সীমান্তের শূন্যরেখা বা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন।
শনিবার ভোর প্রায় চারটার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮-এস উপসীমানা পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সীমান্তের একটি লাইটপোস্টের আলো নিভিয়ে এক বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি নজরে এলে সীমান্তে পাহারায় থাকা স্থানীয়রা তাঁদের আটকে দেন এবং সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেন।
খবর পেয়ে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নিলে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়। বিজিবির ভুটিয়াপাড়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
ওই তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম হাফিজুর রহমান, বয়স ৬৫ বছর। তাঁর সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
