নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভয়াবহ এই দুর্যোগ পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ আরও অনেকের হতাহতের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ নেপাল সরকার এবং দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। বিশেষ করে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য ঢাকার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের এই অবস্থান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দুর্যোগের সময়ে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারকে আরও দৃঢ় করে তুলেছে।
