May 2, 2026
image (61)

রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের নতুন করে সংগঠিত হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না এবং তারা মাথাচাড়া দেওয়ার আগেই কঠোরভাবে দমন করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে তথাকথিত শীর্ষ সন্ত্রাসীরা মূলত আগের দুর্ধর্ষ অপরাধীদের সহযোগী। তারা নতুন করে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করছে, কিন্তু পুলিশ তাদের সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। এ নিয়ে নাগরিকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, কাউন্টার টেরোরিজম (সিটিটিসি), ডিবি এবং ক্রাইম বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। কারওয়ান বাজারে চাঁদাবাজি ও মাদক নির্মূলে এই ক্যাম্পে সার্বক্ষণিক ২০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরলে দ্রব্যমূল্য কমে আসবে। এ ছাড়া পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, থানায় মামলা না নিলে ভুক্তভোগীরা জোনাল এসি অফিস বা ডিসি অফিসে অভিযোগ করতে পারবেন। পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে বেশ কিছু পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *