June 3, 2026
image - 2026-06-03T163535.492

গ্রাহক ও পাইকারি পর্যায়ে আবারও বাড়ল বিদ্যুতের দাম। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্যতালিকা ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত এই দাম চলতি জুন মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, খুচরা বা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সায়। বিভিন্ন ধাপের গ্রাহকদের জন্য এই বৃদ্ধির হার সর্বনিম্ন ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত।

অন্যদিকে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিটের গড় মূল্য ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যা ইউনিট প্রতি ৩১ পয়সা থেকে বেড়ে এখন প্রায় ৩৯ পয়সা।

তাড়াহুড়ো করে মূল্যবৃদ্ধির বিষয়ে জানতে চাওয়া হলে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, কোনো ধরনের চাপ ছাড়াই মূলত আসন্ন বাজেটকে মাথায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন, এর ফলে জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে, তবে এর কোনো আনুষ্ঠানিক অর্থনৈতিক মূল্যায়ন এখনো করা হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করেছিল। সংস্থাটির হিসাব মতে, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন খরচ দাঁড়াবে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা, যেখানে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় পড়বে প্রায় ১২ দশমিক ৯১ টাকা। এর আগে, গত ২০ ও ২১ মে এই মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *