May 29, 2026
image - 2026-05-29T154449.027

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। আর এর জের ধরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। দিনভর ব্যাপক ওঠানামার পর লেনদেন শেষে ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুডের দামে ভিন্ন ভিন্ন প্রবণতা লক্ষ করা গেছে।

আন্তর্জাতিক বাজারে জুলাইয়ে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট কমে ৯৩ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। তবে আগস্টের চুক্তিতে এর দাম ৭২ সেন্ট বেড়ে ৯২ দশমিক ৯৭ ডলারে লেনদেন হয়। অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বেড়ে স্থির হয়েছে ৮৮ দশমিক ৯০ ডলারে।

দীর্ঘ তিন মাস ধরে চলা ইরান যুদ্ধের অবসান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়া নিয়ে বাজার এখন নানামুখী ইঙ্গিতের মুখোমুখি। রয়টার্সের সূত্রমতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। তবে এই চুক্তি কার্যকর হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন। অপরদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এই খসড়া সমঝোতা এখনো নিশ্চিত করা হয়নি।

এর আগে, বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাবে ইরানের রেভোল্যুশনারি গার্ড মার্কিন বিমানঘাঁটিতে হামলার ঘোষণা দিলে দিনের শুরুতে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে যায়। বাজারবিশ্লেষকদের মতে, ইরানের অনড় অবস্থানের খবরে তেলের দাম বাড়লেও, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সামান্য আভাসেই তা বড় ব্যবধানে কমে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *